কিশোরগঞ্জ শহরে একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় ইসলামিয়া সুপার মার্কেটের সামনে আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলার ছাদে নির্মাণকাজ চলছিল। নিচ থেকে রড ওপরে তোলার সময় সেটি ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতা সম্পন্ন (হাইভোল্টেজ) বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









