নারায়ণগঞ্জবাসীর জন্য আরও বেশি সেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, এনডিএর মাধ্যমে নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি এ অঞ্চলের জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করে নগর উন্নয়নের কাজ করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে এনডিএ কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজউকের সেবাব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউকের আওতাধীন এলাকা বড় হলেও সে তুলনায় পর্যাপ্ত জনবল ছিল না। স্থানীয় পর্যায়ে মানুষের সেবা সহজ করতে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজউকের সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল করা হচ্ছে। যেকোনো পরিকল্পনা ২৪ দিনের মধ্যে অনুমোদনের চেষ্টা চলছে। আগের রাজউকের তুলনায় আগামী দিনের রাজউকে অনেক পরিবর্তন আসবে বলেও জানান তিনি।
এনডিএর কার্যক্রম প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, বর্তমান সরকারের সময়ে এনডিএর আইন পাস হয়েছে এবং কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। নারায়ণগঞ্জের জন্য রাজউকের মাস্টারপ্ল্যানের পাশাপাশি এনডিএ আলাদা বিশেষ পরিকল্পনা প্রণয়ন করবে। সেই পরিকল্পনার ভিত্তিতে নগর উন্নয়নের কার্যক্রম পরিচালিত হবে।
এনডিএর সীমানা সম্প্রসারণের বিষয়েও যাচাই-বাছাই চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ফতুল্লা ও সোনারগাঁসহ আশপাশের এলাকাগুলোকে সীমানার আওতায় আনার সুযোগ রয়েছে কি না, তা দেখা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, এনডিএর চেয়ারম্যান, জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









