সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারের পাখা ভেঙে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে সাগরে আটকা পড়ে আছেন ভোলার চরফ্যাশনের ১৮ জেলে। উত্তাল সাগরে চলাচল করতে না পেরে ট্রলারটি ভাসমান অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় ধরে সাগরে আটকে থাকায় জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে স্বজনদের মধ্যেও দেখা দিয়েছে উৎকণ্ঠা। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চরফ্যাশনের পাঁচকপাট এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় ট্রলারটি। পরে সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারের পাখা ভেঙে গেলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটির নিয়ন্ত্রণ ও চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর থেকে ট্রলারটি সাগরে ভাসমান অবস্থায় রয়েছে।
আটকা পড়া ১৮ জেলের বাড়ি চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে। ট্রলারটির মালিক চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. ফরহাদ। ট্রলারের মাঝি হিসেবে রয়েছেন হানিফ।
জেলেদের স্বজনরা জানান, ট্রলারটি বিকল হওয়ার খবর পাওয়ার পর তাঁরা কোস্ট গার্ডের হেল্পলাইন ১৬১১১ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করেছেন। তবে এখনো জেলেদের উদ্ধারে কার্যকর সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তাঁরা।
স্বজনদের দাবি, সোনারচর এলাকা দুর্গম হওয়ায় স্থানীয় ট্রলার নিয়ে সেখানে গিয়ে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তার ওপর সাগরও উত্তাল। ফলে যেকোনো সময় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ অবস্থায় কোস্ট গার্ড বা নৌবাহিনীর সক্ষম নৌযান দিয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।
চার দিন ধরে সাগরে ভাসমান অবস্থায় থাকা জেলেদের নিয়ে এখন সবচেয়ে বেশি দুশ্চিন্তায় তাঁদের পরিবারগুলো। স্বজনদের অপেক্ষা আর উৎকণ্ঠার মধ্যে দ্রুত উদ্ধার করে জেলেদের নিরাপদে তীরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তাঁরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









