বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ায় চিকিৎসাসেবার প্রক্রিয়াকে আরও সহজ, সমন্বিত ও সুবিধাজনক করতে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি), প্রাইম ব্যাংক পিএলসি এবং ইরভিং এভিয়েশন লিমিটেড একটি ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামোতে যুক্ত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এর মাধ্যমে স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও আর্থিক সেবাকে সমন্বিত করে বাংলাদেশি মেডিকেল ট্রাভেলারদের পুরো স্বাস্থ্যসেবা ভ্রমণপ্রক্রিয়ায় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সহযোগিতার লক্ষ্য হলো উপযুক্ত হাসপাতাল ও চিকিৎসাসেবা সম্পর্কে তথ্য সংগ্রহ থেকে শুরু করে ভ্রমণ ব্যবস্থা, ভিসা সহায়তা এবং চিকিৎসা ব্যয় পরিশোধ- রোগীর পুরো যাত্রাকে আরও সহজ ও সুসংগঠিত করা।
এমএইচটিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো’ সুরিয়াগান্ধি সুপ্পিয়াহ বলেন, ‘‘তিনটি প্রতিষ্ঠানের নিজ নিজ সক্ষমতাকে একত্রিত করে বাংলাদেশি রোগীদের জন্য মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ, সমন্বিত ও সুবিধাজনক করতে ভূমিকা রাখবে।’’
তিনি বলেন, “বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবা গ্রহণের যাত্রাকে আরও সহজলভ্য, সমন্বিত ও সুবিধাজনক করতে প্রাইম ব্যাংক ও ইরভিং এভিয়েশনের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।”
এই সহযোগিতার আওতায় এমএইচটিসি বাংলাদেশি রোগীদের শীর্ষস্থানীয় মালয়েশিয়ান হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করবে। পাশাপাশি সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা, চিকিৎসা এবং চিকিৎসা-পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়ার ক্ষেত্রেও সহায়তা করবে।
ইরভিং এভিয়েশন লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তাজরিয়া রহমান রিশতা বলেন, ‘‘এই অংশীদারিত্ব বাংলাদেশি মেডিকেল ট্রাভেলারদের জন্য স্থানীয় পর্যায়ে সহায়তা আরও জোরদার করবে।’’
তিনি বলেন, “বাংলাদেশে এমএইচটিসি-এর স্থানীয় অংশীদার হিসেবে ইরভিং এভিয়েশন মেডিকেল ট্রাভেলারদের ভ্রমণ সমন্বয়, ভিসা সহায়তা, এয়ার টিকিটিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা-সংক্রান্ত অনুসন্ধানে সহায়তা করতে পেরে আনন্দিত। এর মাধ্যমে মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের পুরো যাত্রা আরও সহজ ও সুবিধাজনক হবে।”
প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী বলেন, ‘‘এই সহযোগিতা বিদেশে চিকিৎসাসংক্রান্ত ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে গ্রাহকরা আরও বেশি সুবিধা পাবেন।’’
তিনি বলেন, “মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণে আগ্রহী গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক অর্থ পরিশোধের সমাধান নিয়ে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় প্রাইম ব্যাংক এই সহযোগিতার অংশ হতে পেরে আনন্দিত।”
এই সহযোগিতার আওতায় প্রাইম ব্যাংক স্বাস্থ্যসেবা-সংক্রান্ত আর্থিক লেনদেনে সহায়তা করবে এবং প্রযোজ্য ক্ষেত্রে কার্ডভিত্তিক পেমেন্ট সুবিধা ও বিশেষ সুবিধা বা ছাড় দেওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করবে। এসব সুবিধা ব্যাংকের প্রযোজ্য শর্তাবলি ও নীতিমালার অধীন থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. হাজওয়ান হাসনোল। অনুষ্ঠানে এমএইচটিসি, প্রাইম ব্যাংক, ইরভিং গ্রুপ এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









