রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ দলের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী (৬৫) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন।
পরে জরুরি ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে সংসদ সদস্য পদ হারান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









