লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদরাসায় যাওয়ার পথে পৃথকভাবে নিখোঁজ হয়েছে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী। তারা হলো—আরাফাত সায়েম (১৪) ও মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দুই শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা। এর আগে সোমবার রাতে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, মো. ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে থানায় পৃথক জিডি করেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহযোগিতা কামনা করেছে তাদের পরিবার। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত সংশ্লিষ্ট পরিবার বা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, রবিবার সকালে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সন্তানদের ফিরে পেতে সবার সহযোগিতা চান তারা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে পৃথক জিডি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









