এনসিপির নেতাদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ নির্দেশ দেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘ডার্বি নাসীর’ নামে পরিচিত পাটওয়ারী কিছুদিন ধরে ‘অযাচিত বক্তব্য’ দিয়ে যাচ্ছেন। তাঁর বক্তব্য, এনসিপির তিন দাবি মেনে নেওয়া হলে ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না।
এমদাদ হোসেন চৌধুরী বলেন, এ ধরনের বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহিতা’। শুধু নাসীরুদ্দীন পাটওয়ারী নন, এনসিপির অন্য নেতারাও বিভিন্ন বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘তাদের প্রতিহত করতে না পারলে দিন দিন তাদের আস্ফালন বেড়ে যাবে। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দিতে হবে।’
তাঁর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এমদাদ হোসেন চৌধুরী দৈনিক এদিনকে বলেন, ‘সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা শিষ্টাচারবহির্ভূত। এ ধরনের বক্তব্য দেওয়ার পরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ আমাদের নেতা-কর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।’
এনসিপির নেতাদের সতর্ক করে তিনি বলেন, ‘যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় তাদেরই বহন করতে হবে।’ এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ঢাকা শহরে ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য দেওয়ার কারণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, গত সোমবার রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে এনসিপির মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমাদের তিন দাবি মেনে নিলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না।’ তাঁর ওই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









