কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সদস্য সজীব রঞ্জন দাসের মালিকানাধীন সিনথিয়া সিএনজি পেট্রোল পাম্পে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আর্থিক লেনদেন ও হিসাবের গরমিলকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় এ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে একদল যুবক গ্যাস পাম্প ও পেট্রোল পাম্পের অফিস কক্ষ এবং কন্ট্রোল রুম থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেন। আধা ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আলো নিভিয়ে সবাই পাম্প ছেড়ে চলে যান।
হঠাৎ পাম্প বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন পরিবহন শ্রমিক, মোটরসাইকেল চালক ও সিএনজিচালিত অটোরিকশার চালকরা। ক্ষোভ প্রকাশ করে চালকরা জানান, শহরে এমনিতেই পাম্পের সংখ্যা কম, এর মধ্যে একটি বন্ধ থাকায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।
পাম্পের মালিকপক্ষের দাবি, সাবেক ম্যানেজার জুয়েলের সঙ্গে আর্থিক বিষয় ও হিসাবের গরমিল নিয়ে বিরোধের জেরে এই দখলের ঘটনা ঘটেছে। তবে অভিযুক্ত ফয়সাল আহমদ সাকিল দাবি করেন, পাম্পের সাবেক ম্যানেজার জুয়েল মালিকপক্ষের সজীব রঞ্জনের স্বাক্ষর করা চেক দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আর ফেরত দিচ্ছেন না; মূলত পাওনাদারদের পাওনা টাকা না দেওয়ার কারণেই এই তালা ঝুলানো হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









