পিরোজপুরের নাজিরপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং সপরিবারে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী শিক্ষক কিশোর কুমার হালদার (৫৪) উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৯৫ নম্বর বুড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে একটি বিদেশি বা ইন্টারনেটের নম্বর থেকে প্রধান শিক্ষকের ফোনে কল করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আগামী শুক্রবারের মধ্যে টাকা না দিলে সপরিবারে পুড়িয়ে মারার হুমকি দেয় দুর্বৃত্তরা। এমন প্রাণনাশের হুমকির মুখে ওই শিক্ষক তাঁর চতুর্থ শ্রেণীতে পড়ুয়া একমাত্র কন্যাকে নিয়ে রাতে অন্য একজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।
প্রধান শিক্ষক কিশোর কুমার হালদার জানান, গত বছর তাঁর চাচাতো ভাই সঞ্জীব হালদারকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। ফলে বর্তমান হুমকিটি নিয়ে তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ইন্টারনেট বা ভিনদেশি কোনো নম্বর থেকে ফোন করে ওই শিক্ষককে ভয় দেখানো হয়েছে। এ ঘটনায় জিডি করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









