নওগাঁর মান্দায় চলন্ত সিএনজি থেকে ছিটকে পড়ে আব্দুল সোবাহান (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মহাদেবপুর সীমানার বলিহার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল সোবাহান নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত আজিবুল্লাহর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল সোবাহান তাঁর নাতিকে সঙ্গে নিয়ে সান্তাহারে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মহাদেবপুর সীমানার বলিহার ব্রিজের কাছে পৌঁছালে চলন্ত সিএনজির সামনের আসন থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান তিনি। এতে তাঁর বুক ও পায়ে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর এক ভ্যানচালক তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যে তাঁর মৃত্যু হলে ভ্যানচালক ভয় পেয়ে ফেরিঘাট এলাকায় মরদেহ রেখে চলে যান।
এদিকে পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ খবর পেয়ে তা উদ্ধার করে। পরে মরদেহটি প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, দুর্ঘটনার স্থানটি মহাদেবপুর থানা এলাকায় হওয়ায় ওই থানায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









