দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠন করা হবে।
জানা গেছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। কমিটির কার্যক্রম সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসিক ভিত্তিতে প্রতিবেদন সংগ্রহ করবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রতিবেদন দাখিল করবে।
এর আগে ২০২৫ সালের ২১ জুলাই মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদারে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রামাণ্যচিত্র ও বিষয়ভিত্তিক গান প্রদর্শনের নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই নির্দেশনা দেওয়া হয়।
সেদিনের চিঠিতে বলা হয়, মাদকের কুফল সম্পর্কে প্রচার ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তুত করা একটি প্রামাণ্যচিত্র ও বিষয়ভিত্তিক গান প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব উপকরণ দেখানোর ব্যবস্থা করতে বলা হয়।
এর আগে ২০২২ সালে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো মাদকবিরোধী কমিটি গঠনের কার্যক্রম শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন পরীক্ষামূলকভাবে কিছু স্কুল ও কলেজে এসব কমিটি গঠন করা হয়। পরে এই কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়।
মাদকবিরোধী কমিটির প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি এবং মাদকবিরোধী ইতিবাচক পরিবেশ গড়ে তোলা। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক সভা, সেমিনার ও শ্রেণিভিত্তিক আলোচনার আয়োজন করবে কমিটি। পাশাপাশি পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণসহ বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
কমিটির সদস্যরা প্রয়োজনে মাদকসংক্রান্ত কোনো সমস্যা বা সন্দেহভাজন ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরামর্শ ও সহায়তা দেওয়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিও কমিটির কাজের অংশ। প্রতিষ্ঠানে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে তারা মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং অন্য শিক্ষকদেরও এ কাজে উদ্বুদ্ধ করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









