নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ কেজি গাঁজাসহ মাদক মামলার ২ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার ২ জন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদকসেবী ৩ জন এবং অন্য একটি মামলার ১ জন আসামি রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পারভেজ আল গনি (৩৮), জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি পদপ্রার্থী বসুদেব বিশ্বাস (৪৬) এবং সনমান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের প্রচার সম্পাদক খাজা (৪৮)।
মাদক মামলার আসামিরা হলেন—ফেনী সদর এলাকার মো. নাজিম (২১) ও চাঁদপুর সদর এলাকার মো. সানী (৩০)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া মাদকসেবী হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মো. ফারুক মিয়া (২৭), সোনারগাঁয়ের চৌধুরী বারদী এলাকার মো. সুমন (৩৫) ও আলগীর চর এলাকার মো. অপু (১৯) এবং সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মুকবল হোসেনকে গ্রেপ্তার করা হয়। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মহজমপুরের মো. কাজী জুবাইয়ের (২৭) ও পৌর ভবনাথপুরের মো. শাহীন মিয়া (৪৮) এবং অপর একটি মামলায় নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী দক্ষিণপাড়া এলাকার মো. শামীম (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ১২ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









