ব্র্যাড পিটের চোখে স্পেন–বারদেম–পেনেলোপের সঙ্গে আবার কাজ করতে চান তিনি। ব্র্যাড পিটের বয়স এখন ৬২। কিন্তু বয়সকে তিনি থামার কারণ হিসেবে দেখছেন না; বরং নতুন কিছু করার সুযোগ হিসেবে দেখছেন। সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন ছবি ‘বিস্টলি হার্টস’-এর প্রিমিয়ার করতে এসে দর্শকের ভালোবাসা পেয়েছেন এই হলিউড তারকা। উৎসবের বাইরে ইউরোপা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাইরের চলচ্চিত্রজগতেও কাজ করতে তিনি আগ্রহী—বিশেষ করে স্পেনে।
স্প্যানিশ সিনেমার দুই বড় তারকা হাভিয়ের বারদেম ও পেনেলোপে ক্রুজের সঙ্গে আবার কাজ করার ইচ্ছার কথাও বলেছেন পিট। তাদের নিজের ‘প্রিয় বন্ধু’ উল্লেখ করে তাঁর সরল স্বীকারোক্তি, তাদের সঙ্গে ‘যেকোনো কিছু’ করতে তিনি আগ্রহী পিটের কাছে বয়সও যেন নতুন সম্ভাবনার দরজা। তার ভাষায়, বয়স যত বাড়ে, ততই নতুন জায়গায় পা বাড়ানো এবং নতুন সম্ভাবনার দিকে নিজেকে উন্মুক্ত করা আকর্ষণীয় হয়ে ওঠে। স্পেনের চলচ্চিত্রজগৎ থেকে তিনি কী শিখতে পারেন, সেটি দেখতেও আগ্রহী। এমনকি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাইরের কাজের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত—‘আমেরিকা আর যথেষ্ট নয়।’

এই আগ্রহের সঙ্গে তার প্রযোজক পরিচয়ও জড়িয়ে আছে। পিট ২০০১ সালে প্রতিষ্ঠিত মার্কিন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান প্ল্যান বি এন্টারটেইনমেন্টের মালিক। প্রতিষ্ঠানটি সম্প্রতি লন্ডনে একটি কার্যালয়ও খুলেছে। ফলে আন্তর্জাতিক চলচ্চিত্রে তার আগ্রহ শুধু অভিনয়ে নতুন অভিজ্ঞতা নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রযোজনার ক্ষেত্রেও তার কাজের পরিসর যুক্তরাষ্ট্রের বাইরে বাড়ছে। বারদেম ও ক্রুজের সঙ্গে অবশ্য পিটের কাজের অভিজ্ঞতা নতুন নয়।
২০১৩ সালে রিডলি স্কট পরিচালিত ‘দ্য কাউন্সেলর’ ছবিতে তারা তিনজনই অভিনয় করেছিলেন। ছবিতে মাইকেল ফাসবেন্ডার একজন আমেরিকান আইনজীবীর চরিত্রে, যিনি প্রেমিকাকে বিয়ে করার জন্য মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। সেই সূত্রে তার পরিচয় হয় হাভিয়ের বারদেম অভিনীত মাদকসম্রাট রেইনিয়ারের সঙ্গে। পেনেলোপে ক্রুজ ছিলেন আইনজীবীর প্রেমিকা, ক্যামেরন ডিয়াজ ছিলেন রেইনিয়ারের সঙ্গী। আর ব্র্যাড পিট অভিনয় করেন এক রহস্যময় মধ্যস্থতাকারীর ভূমিকায়।

ছবিটির অভিনয়শিল্পীদের তালিকা ছিল তারকায় ভরা, কিন্তু মুক্তির পর সমালোচকদের কাছ থেকে তেমন সাড়া পায়নি। ফলে ‘দ্য কাউন্সেলর’ পিট, বারদেম কিংবা ক্রুজের ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবিগুলোর একটি হয়ে ওঠেনি। তবু সেই পুরোনো সহযাত্রা এবার নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তিন অভিনেতাই এখন ক্যারিয়ারের ভিন্ন এক পর্যায়ে। তাদের অভিজ্ঞতা ও পরিণত অভিনয়কে একসঙ্গে নিয়ে নতুন কোনো সিনেমা তৈরি হলে, সেটি ২০১৩ সালের সেই ব্যর্থ ছবির পুনরাবৃত্তি না হয়ে সম্পূর্ণ ভিন্ন কিছু হতে পারে।
পিটের কথায় অন্তত একটি বিষয় স্পষ্ট—হলিউডের দীর্ঘ ক্যারিয়ারের পরও তার কৌতূহল ফুরিয়ে যায়নি। বরং ৬২ বছর বয়সে তিনি নিজের পরিচিত ভূগোলের বাইরে তাকাতে চাইছেন। আর সেই নতুন মানচিত্রে স্পেনের জায়গাটি বেশ উজ্জ্বল—সেখানে আছেন তার দুই বন্ধু, হাভিয়ের বারদেম ও পেনেলোপে ক্রুজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









