নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দু’পক্ষের দ্বন্দ্বে দুপুরে আদালতের সামনে মারামারির পর রাতে হামলার ঘটনা ভিডিও করায় স্থানীয় একটি ডাইং কারখানার গাড়িচালক আবু ইউসুফকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য জানান। এরআগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শিয়াচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মফিজ মোল্লার ছেলে। সে একটি ডাইং কারখানার গাড়িচালক। তক্কারমাঠের ভাড়া বাসায় থাকতেন।
নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী নাহিদা ইয়াসমিন বলেন, ‘‘অন্যদিন নয়টা-দশটার দিকে বাড়িতে ফেরেন। কিন্তু কাল উনি শরীর ভালো না দেখে সন্ধ্যায়ই চলে আসেন। সাড়ে সাতটার দিকে তার কারখানার একজন মোবাইলে কল দেওয়ায় বেরিয়ে যান। পরে শুনি, এলাকায় মারামারি হইছে সেখানে আমার স্বামীকে কুপিয়েছে। তারে হাসপাতালে নিছে। পরে রাত সাড়ে এগারোটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইউসুফ।’’
ইউসুফ রাজনীতিতে জড়িত না জানিয়ে নাহিদা বলেন, ‘‘শুনছি, সে নাকি ভিডিও করেছিলো। তাই তাকে কোপাইছে।’’
পুলিশ, স্থানীয় লোকজন ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে একটি অপহরণ মামলার শুনানি শেষে বাদী ও বিবাদীপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেনের ছেলে মামলার বাদী জুয়েল হাওলাদার ও অভিযুক্ত ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ উভয়পক্ষের কয়েকজন আহত হন। মারামারির ঘটনায় জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও তার লোকজন দেলোয়ারের পক্ষ নেন বলেও অভিযোগ রয়েছে। এরই জেরে জুয়েল আরমান তার লোকজন তক্কারমাঠ এলাকায় দেলোয়ারের বাড়ির সামনে মহড়া দেন। পরে তারা বাড়িতে ভাঙচুরও করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘‘হামলার ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করতে দেখে ইউসুফকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে হামলাকারীরা। পরে সে হাসপাতালে মারা যায়। ঘটনার পর দেলোয়ারের ছেলে জুয়েল হাওলাদার ও তাদের লোকজন এলাকায় মহড়া দেন বলে জানিয়েছেন স্থানীয়রা।’’
যদিও দেলোয়ার তা অস্বীকার করেছেন। এ বিষয়ে কৃষক দলের নেতা জুয়েল আরমানের মুঠোফোনের নম্বরে একাধিকবার কর কলেও তিনি সাড়া দেননি।
হামলায় নিহত ইউসুফের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘‘অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলে জড়িত আছেন কি না, সেটি বিবেচ্য নয়। অপরাধ যারা করেছেন তাদের আইনের আওতায় আনা হবে। তবে, বিকেল চারটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








