জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
জামালপুর ৩৫ বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৮৯ নম্বর পিলারের কাছে অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির সদস্যরা। এ সময় বাঁশঝাড়ের পাশে একটি গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মদ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








