ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ আগামী বছর পর্যন্ত চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যুদ্ধের ময়দানে একের পর এক বিপর্যয় এবং সৌদি ভূখণ্ডে হামলার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় দেশটি। সৌদি আরবের পরিকল্পনা সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ইয়েমেনে নতুন করে শুরু হওয়া এই সংঘাত ইরানকে ঘিরে চলমান বৃহত্তর যুদ্ধের সবচেয়ে সক্রিয় রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে ইয়েমেনে হাজারো মানুষ নিহত ও আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। একই সঙ্গে তেলবহির্ভূত খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনের কেন্দ্র হয়ে ওঠার সৌদি আরবের প্রচেষ্টাও বাধাগ্রস্ত হচ্ছে। যুদ্ধের প্রভাব নিয়ে সৌদি সরকারের বক্তব্যেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। এখন দেশটির পক্ষ থেকে যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়টি আগের তুলনায় বেশি স্বীকার করা হচ্ছে।
পশ্চিমা ওই কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সৌদি কর্মকর্তারা এখন আরও ছয় মাস পর্যন্ত অভিযান চালানোর পরিকল্পনা করছেন। হুতিদের সঙ্গে কোনো আলোচনায় বসার আগে ইয়েমেনে সৌদি সমর্থিত মিত্রবাহিনীর অগ্রগতি নিশ্চিত করতে চায় রিয়াদ। প্রকাশ্যে আসেনি—এমন আলোচনা সম্পর্কে জানাশোনা থাকায় ওই কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্রও তাঁদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে। তিনটি সূত্রই জানিয়েছে, ইরানকে ঘিরে বৃহত্তর যুদ্ধের অবসানে কোনো সমঝোতা হলে ইয়েমেনের সংঘাতও কমে আসতে পারে।
তৃতীয় সূত্রটি আরও জানিয়েছে, সৌদি আরব মনে করছে, ইয়েমেনে তাদের অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা পাওয়া গেলে যুদ্ধের পরিস্থিতি বদলে যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন পর্যন্ত এ ধরনের সহায়তা দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের সহায়তা পেলে সৌদি সমর্থিত বাহিনী কয়েক সপ্তাহের মধ্যেই প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারে বলে মনে করছে রিয়াদ। পশ্চিমা কর্মকর্তাদের বক্তব্যের বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
যুদ্ধের ময়দানে একের পর এক ধাক্কা
২০১৫ সালে ইয়েমেনের হুতিরা রাজধানী সানা ও দেশের বড় অংশ দখল করে নেওয়ার পর দেশটির সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে আরব জোটের নেতৃত্বে যুদ্ধে নামে সৌদি আরব। দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের পর ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। চলতি বছরের গ্রীষ্ম পর্যন্ত সেই যুদ্ধবিরতি কার্যকর ছিল।
নতুন করে সংঘাত শুরুর পর সৌদি সমর্থিত বাহিনীর কাছ থেকে লোহিত সাগরের উপকূলীয় এলাকা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি দখল করে নেয় হুতিরা। এ ছাড়া ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনের উত্তরে পার্বত্য এলাকায় অবস্থিত তাইজ শহরও ঘিরে ফেলেছে তারা।
গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনী পাল্টা হামলা চালিয়ে প্রণালিসংলগ্ন কিছু এলাকা পুনর্দখল করে। তবে গত সপ্তাহান্তে এডেনকে রক্ষার জন্য সেখান থেকে পিছু হটে তারা। এতে বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে পড়ে সৌদি সমর্থিত বাহিনী।

পশ্চিমা এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, সৌদি ও ইয়েমেনের সরকারি বাহিনী এখন নতুন করে নিজেদের সংগঠিত করছে। হুতিদের অগ্রযাত্রা থেকে এডেনকে রক্ষা করার পাশাপাশি পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে অভিযান সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। ওই অঞ্চলে এরই মধ্যে কিছু অগ্রগতি অর্জন করেছে সৌদি সমর্থিত বাহিনী। অন্তত কয়েকটি এলাকায় নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে তারা।
গত সোমবার সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের দায়িত্বে থাকা কমান্ডার পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। ইয়েমেন সরকারের সামরিক নেতৃত্বেও রদবদল আসতে পারে বলে পরিকল্পনার সঙ্গে পরিচিত দুই ব্যক্তি জানিয়েছেন।
সৌদি জনজীবনেও যুদ্ধের প্রভাব
হুতিদের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া যুদ্ধকে ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল সৌদি আরব। দেশটি দাবি করে আসছিল, তারা ইয়েমেনের মিত্রদের সহায়তা করছে এবং সীমান্তের ওপার থেকে আসা হামলা প্রতিহত করছে; সরাসরি যুদ্ধে পূর্ণাঙ্গ পক্ষ নয়।
কিন্তু সৌদি শহরগুলোতে বারবার বড় ধরনের হামলার পর সেই অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে দেশটির সংবাদমাধ্যম থেকে শুরু করে মসজিদের খুতবা—বিভিন্ন জায়গায় যুদ্ধের বিষয়টি আগের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে।
গত সপ্তাহে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর রিয়াদে অবস্থিত সুউচ্চ সদর দপ্তরে হুতিদের হামলায় বড় ধরনের গর্ত তৈরি হয়। এ ছাড়া রিয়াদের বিমানবন্দরে ধারাবাহিক প্রাণঘাতী হামলার কারণে অক্টোবর থেকে অধিকাংশ ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
এসব ঘটনার প্রভাব পড়েছে সৌদি আরবের আন্তর্জাতিক আয়োজনেও। দেশটির গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ বাতিল বা স্থগিত করা হয়েছে। বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবে ২০২৭ সালের জানুয়ারিতে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের কথা ছিল। যুদ্ধের কারণে সেটিও পিছিয়ে ওই বছরের ডিসেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে।
গত মাস থেকে সৌদি কর্তৃপক্ষ হামলার আশঙ্কা জানিয়ে নিয়মিত সতর্কবার্তা দিচ্ছে। হামলার পরও আগের তুলনায় বিস্তারিত বিবৃতি প্রকাশ করছে তারা। এর আগে প্রাণঘাতী হামলার আগেও অনেক সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যাপ্ত সতর্কবার্তা দেওয়া হতো না।
তবে হামলার পর ক্ষয়ক্ষতির ছবি প্রকাশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। এ ধরনের ছবি ছড়িয়ে দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। তা সত্ত্বেও হামলার দুই দিন পর রিয়াদের ডেপুটি গভর্নর আরামকো টাওয়ার পরিদর্শন করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমেও ভবনটির ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করা হয়।
যুদ্ধ নিয়ে সৌদি সরকারের প্রচার-প্রচারণা মসজিদগুলোর খুতবাতেও ছড়িয়ে পড়েছে। সাধারণত বিয়ে, প্রতিবেশীর সঙ্গে সদাচরণের মতো দৈনন্দিন বিষয় নিয়ে আলোচনা হলেও এখন হুতিদের সঙ্গে সংঘাত গুরুত্ব পাচ্ছে।
গত শুক্রবার রিয়াদের বড় একটি মসজিদের জুমার খুতবার পুরোটা সময়জুড়ে ছিল হুতিদের বিরুদ্ধে যুদ্ধের প্রসঙ্গ। খতিব যোদ্ধাদের জন্য ‘বিজয় অথবা শাহাদাত’ কামনা করেন। একই সঙ্গে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে অবস্থানরত সেনাদের জন্য দোয়া করেন।
তিনি বলেন, ‘হে আল্লাহ, তাদের লক্ষ্য স্থির রাখুন, তাদের পা দৃঢ় রাখুন এবং যারা তাদের প্রতি শত্রুতা পোষণ করে, তাদের বিরুদ্ধে বিজয় দান করুন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








