বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত ‘জর্দা শামীম’-এর সহযোগীদের একটি আস্তানা থেকে আটটি আগ্নেয়াস্ত্র, ৩৩টি ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল। এ ঘটনায় তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম (৫০), বি.এম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তাঁরা সবাই ওই ইউনিয়নের বাসিন্দা।
বুধবার (১৮ নভেম্বর) বরিশাল এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় তথ্য ও গোয়েন্দা নজরদারিতে জানা যায়, জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তার কাছে থাকা বিপুল অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নেওয়া হয়। পরে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র-গোলাবারুদ গোপনে সংরক্ষণ ও কেনাবেচার ব্যবস্থা করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালালে সেখানে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।
এ ছাড়া ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলভারের ২ হাজার ২৮২ রাউন্ড, শটগানের ৩১২ রাউন্ড এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। অন্যান্য উদ্ধার করা উপকরণের মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন ও আলামত রাখার ১০টি ব্যাগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীম’-এর বিরুদ্ধে অবৈধ অস্ত্রের জোরে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ৬ মে দিবাগত রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








