প্রথম ইনিংসে ৪০০ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। একশ রান হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন দলের প্রথম পাঁচ ব্যাটার। ১৫৭ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে ৮৭ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
চা বিরতির আগে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শেষ সেশনের শুরুতে দ্রুত আরও দুটি উইকেট পড়ে। মাত্র সাত বলের ব্যবধানে এক রানের মধ্যে দুই ব্যাটারকে হারায় দল।
দলীয় ১১ রানে প্রথম ইনিংসে অর্ধশতক করা তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দেন মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকান পেসারের আগের ওভারের শেষ বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুললেও রিভিউ নিয়ে বেঁচে যান তানজিদ। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে নয়, প্যাডে লেগে রায়ান রিকেলটনের হাতে যায়। তবে পরের ওভারের প্রথম বলেই ইয়ানসেনের শিকার হন তিনি। ৪ রান করে রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন তানজিদ।
এরপর ক্রিজে এসে মাত্র তিন বল খেলতে পেরেছেন মুমিনুল হক। কাগিসো রাবাদার বলে বোল্ড হওয়ার আগে করেন ১ রান। ১১ ও ১২ রানে দুটি উইকেট হারায় বাংলাদেশ।
আগের ইনিংসে ম্যাচের প্রথম বলেই ডাক মারা মাহফিজুল ইসলাম রবিন অবশ্য দ্বিতীয় ইনিংসে দুবার জীবন পান। প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাত ফসকে যাওয়ায় একবার বেঁচে যান তিনি। পরে রিভিউ নিয়েও রক্ষা পান। শেষ পর্যন্ত রাবাদাকে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খোলেন রবিন।
তাকে নিয়ে ৩১ রানের জুটি গড়ার পর আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিমন হারমারের বলে খোঁচা দিতে গিয়ে এইডেন মারক্রামের সহজ ক্যাচ হন তিনি। ১১ রানেই থামে শান্তর ইনিংস।
প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করা তাওহীদ হৃদয় ও রবিনের জুটিতে দলীয় সংগ্রহ ৫৮ রানে পৌঁছালে চা বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর চতুর্থ ওভারেই ভাঙে এই জুটি। হারমারের বলে বোল্ড হয়ে ৩২ রান করে ফেরেন রবিন। এরপর রাবাদার বলে রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ২৩ রানে আউট হন হৃদয়।
এর আগে গতকাল তৃতীয় দিন শেষে ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। তখনও বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। দলের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে রায়ান রিকেলটন বলেছিলেন, ১০০ রানের লিড পেলেই তাঁরা স্বস্তি পাবেন। শেষ পর্যন্ত সেই লক্ষ্য ছাড়িয়ে গেছে প্রোটিয়ারা।
এদিন শতাধিক রানের একটি এবং চল্লিশোর্ধ্ব রানের দুটি জুটিতে ১৫৭ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। ৫৫৭ রানে তাদের প্রথম ইনিংস শেষ হয়। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ সর্বোচ্চ চারটি উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ পান দুটি করে উইকেট।
এর আগে প্রথম ইনিংসে তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪০০ রান করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে এখন বড় চ্যালেঞ্জের মুখে দলটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








