নাটোরের লালপুরের সালামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গুদামঘর, দুটি দর্জি দোকান ও একটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সালামপুর বাজারের জনতা ব্যাংকের নিচের দক্ষিণ পাশের মার্কেটের একটি গুদামঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ওই গুদামঘরে সয়াবিন তেল ও ডিজেলসহ বিভিন্ন দাহ্য পদার্থ এবং মুদিপণ্য মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে পাশের দুটি দর্জির দোকান ও একটি কাপড়ের দোকানেও আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— উত্তম কুমার, সাত্তার দর্জি, জলিল উদ্দিন ও মিজানুর রহমান।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের দোকানের সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে লালপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হলেও তাদের প্রচেষ্টায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









