দেশে চলমান জ্বালানি সংকট শিগগিরই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, “আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর সমস্যা হবে না।”
রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, “ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে। পাশাপাশি জ্বালানি কেনার পরও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।”
তবে বর্তমানে জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে আসছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, “সাময়িকভাবে তৈরি হওয়া এ পরিস্থিতি বিশ্বের বিভিন্ন জায়গাতেও দেখা গেছে। সরবরাহে বিঘ্ন ঘটায় সাধারণ মানুষ যে দুর্ভোগের শিকার হয়েছেন, সে জন্য সরকার দুঃখিত।”
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। তবে জ্বালানি সরবরাহে বিঘ্ন ও দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। কোনো দুর্ঘটনা না ঘটলে আগামীতে বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ ঠিকভাবে বজায় রাখা সম্ভব হবে।”
মন্ত্রী আরও জানান, জনগণের দুর্ভোগ কমাতে সরকার বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করেছে। প্রয়োজনে বেশি দাম দিয়ে গ্যাস আমদানি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে দ্রুত সংকট সমাধানের পথ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এ কাজে সংশ্লিষ্ট সবাই দলগতভাবে কাজ করেছেন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









