রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের আশঙ্কা করছে পুলিশ। তবে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কাছে চাঁদা দাবি করা হয়েছিল, এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম।
রবিবার (২৭ সেপ্টেম্বর) নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
মাহিদুল ইসলাম বলেন, গত রাতে একদল লোক সংঘবদ্ধভাবে এসে সেখানে ভাঙচুর চালায়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশন)সহ পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তিনি জানান, তাদের একজনের নাম মামুন। তার বাড়ি গফরগাঁও এবং তিনি ভাসানটেক বস্তিতে থাকেন। আরেকজন আসলাম, তার বাড়ি টাঙ্গাইল এবং তিনি অটোরিকশা চালান। তৃতীয়জনের নাম মুন্না। তিনিও ভাসানটেক বস্তিতে থাকেন।
হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও আরও তথ্য সংগ্রহের পর ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।
প্রাথমিক তদন্তের বিষয়ে তিনি বলেন, এটি একটি হাউজিং ব্যবসাপ্রতিষ্ঠান। সেখানে রাতে সংঘবদ্ধভাবে এত লোকের আসার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশের ধারণা, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ থেকে হামলার ঘটনা ঘটতে পারে। তবে বিরোধটি কার সঙ্গে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রাজধানীতে একের পর এক হামলা, ভাঙচুর ও দখলের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহিদুল ইসলাম বলেন, প্রতিটি ঘটনার পর পুলিশ দ্রুত শনাক্তের চেষ্টা করছে। নিউ গিনি প্রপার্টিজের ঘটনাটিও তারা তদন্ত করছেন।
সালমান মুক্তাদিরের কাছে চাঁদা দাবি করা হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য এই মুহূর্তে পুলিশের কাছে নেই। প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের জেরেই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হলে হামলার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









