কুষ্টিয়ার কুমারখালীতে যৌথ ও বিশেষ বাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বারাদি গ্রামের মো. মোবারক আলী (৭০) নামের এক ব্যক্তির বসতবাড়িতে বেআইনি অস্ত্র ও গুলি লুকিয়ে রাখা হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে এসআরবি-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হকের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ঘরের ভেতরের মাটির নিচে তৈরি করা একটি গোপন গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন এবং একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে নিশ্চিত করা হয় যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদগুলো থানা থেকে লুট করা হয়েছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









