সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) এসসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের পৃথক দুটি আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই দিনে জারি করা আরেক আদেশে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও সদস্য তালিকা হালনাগাদ করে নতুন করে নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রণয়ন করবেন। এরপর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে দুই দফায় সিলেট চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









