স্কটল্যান্ডের ৭৮ বছর বয়সি গেমার ক্যাথ বোয়ি টুইচে সবচেয়ে বয়স্ক নারী ফোর্টনাইট স্ট্রিমার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। ‘গ্রাম্পিগ্রান৪৮’ নামে পরিচিত ক্যাথ প্রায় ৯ বছর ধরে অনলাইনে নিজের গেম খেলার সেশন সরাসরি সম্প্রচার করে আসছেন।
স্কটল্যান্ডে ক্যাথের বাড়ি। এর আগেও বিভিন্ন গেম খেলেছেন তিনি। তবে সেগুলোর প্রতি খুব বেশি আগ্রহ ছিল না। পরে ১৭ বছর বয়সি নাতির মাধ্যমে ফোর্টনাইটের সঙ্গে পরিচয় হয় তার। ধীরে ধীরে গেমটির প্রতি আগ্রহ তৈরি হয় ক্যাথের। এরপর বয়সকে বাধা না মেনে নিয়মিত ফোর্টনাইট খেলতে শুরু করেন তিনি।
ক্যাথ এত দিন গেম খেলবেন এবং এতটা জনপ্রিয় হয়ে উঠবেন, তা শুরুতে ভাবতে পারেনি তার নাতি। এ প্রসঙ্গে ক্যাথ বলেন, ‘ও ছোট একটি ছেলে। সে তো কিছুতেই বিশ্বাস করছিল না যে তার দাদি এমন কিছু করতে পারে। বলেছিল, কেউ আমার সঙ্গে খেলবে না। এতেই আমার জিদ চেপে যায়। ওকে দেখাতে চেয়েছিলাম, আমিও পারি।’
অন্য কয়েকটি গেম খেললেও ফোর্টনাইটের মতো আকর্ষণ অন্য কোনো গেমে পাননি বলে জানান ক্যাথ। তাই নিজেকে শুধু গেমার না বলে ‘ফোর্টনাইটার’ বলতেই বেশি পছন্দ করেন তিনি।
‘গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস গেমার এডিশন ২০২৭’-এ জায়গা পাওয়াকে নিজের দীর্ঘদিনের স্বপ্ন বলে উল্লেখ করেছেন ক্যাথ। তার ভাষায়, এই অর্জন তার জন্য অত্যন্ত সম্মানের ও আনন্দের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









