সুনামগঞ্জের ধর্মপাশায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে লিটন চন্দ্র বর্মন (৩১) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত লিটন চন্দ্র বর্মন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি পাথারিয়াকান্দা গ্রামের রবি বর্মনের ছেলে। তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাথারিয়াকান্দা গ্রামের রবি বর্মনের সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার প্রায় দুই বছর ধরে গ্রামের সামনে থাকা এক একর আমন জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে টেনু মিয়া কয়েকজন লোক নিয়ে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পুঁতে লাল নিশান টাঙিয়ে দেন।
খবর পেয়ে রবি বর্মন ও তার ভাতিজা শ্যামল বর্মন সেখানে গিয়ে লাল নিশান সরিয়ে নিতে বলেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা—কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে টেনু মিয়া বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সেখানে থাকা লিটন চন্দ্র বর্মনের মাথায় ধারালো দা দিয়ে কোপ দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর বেলা পৌনে ২টার দিকে পরিবারের সদস্যরা তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর মাথার কাটা স্থানে ছয়টি সেলাই দেওয়া হয় এবং পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত লিটন চন্দ্র বর্মন বলেন, ‘এটি আমাদের রেকর্ডীয় জমি। টেনু মিয়া সরকারি বন্দোবস্তে বাবুপুর মৌজায় এক একর জমি পেয়েছেন। সার্ভেয়ার গিয়ে তাকে জমিও বুঝিয়ে দিয়েছেন। কিন্তু বন্দোবস্ত পাওয়া জমিতে না গিয়ে তিনি গত দুই বছর ধরে আমাদের রেকর্ডীয় জমিকে নিজের জমি বলে দাবি করে আসছেন। রবিবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় তাদের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয়ে আনার জন্য বের হওয়ার সময় পেছন থেকে টেনু মিয়া ধারালো দা দিয়ে আমাকে আঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে জানতে টেনু মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









