বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজনই বন্ধু এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা সবাই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। তারা আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা নিহতদের মরদেহ উদ্ধার করেন। এ সময় পুলিশ বাসটি আটক করতে সক্ষম হলেও চালক ও বাসের অন্যান্য স্টাফরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন। আটিপাড়া এলাকায় ঢাকাগামী সুরভী পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও স্টাফরা পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









