পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামীম হোসেনের বিরুদ্ধে অপশাসন, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ তুলে তার দ্রুত অপসারণ ও চূড়ান্ত বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিল্প মালিক ও ব্যবসায়ীরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পাবনা বিসিক শিল্পনগরী এলাকায় ‘শিল্প মালিক সমিতি, বিসিক শিল্পনগরী, পাবনা’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত ডিজিএম শামীম হোসেন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে তাকে দায়িত্ব থেকে অপসারণ ও চূড়ান্ত বরখাস্তেরও দাবি করেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা মো. জহুরুল ইসলাম বাচ্চু ও আব্দুস সেলিম। এ সময় বিসিক মিল মালিক আহ্বায়ক কমিটির সদস্য ও নাসিবের সভাপতি এম এ মান্নান, মো. আব্দুল খালেক, মো. আব্দুল্লাহ, মো. শফিকুল ইসলাম, সুক চাঁদ, ভরত ঘোষ, প্রফেসর অলিউল ইসলামসহ প্রায় শতাধিক মিল মালিক ও স্থানীয় ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন থেকে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ভারপ্রাপ্ত ডিজিএম শামীম হোসেনকে বদলি ও বরখাস্ত করা না হলে পাবনা বিসিক শিল্পনগরীর মিল-কারখানা বন্ধ রেখে আরও কঠোর আন্দোলনে যাওয়ার কর্মসূচি নেওয়া হবে।
পাবনা বিসিকের ভারপ্রাপ্ত ডিজিএম শামীম হোসেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি দাবি করেন, সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে তার কোনো সমস্যা নেই। আন্দোলনে অংশ নেওয়া শতাধিক মিল মালিক ও ব্যবসায়ী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাদের প্রকৃত ব্যবসায়ী বা মিল মালিক মনে করি না।’ এ বিষয়ে আর কোনো বক্তব্য না দিয়ে তিনি বলেন, ‘যে যা পারে করুক।’
শামীম হোসেনের এমন মন্তব্যের পর বিসিক শিল্পনগরীর সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আরও ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









