সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
পরে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন তাকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া ৪ মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।
মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওই অডিওর নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামির কণ্ঠস্বর তুলনামূলকভাবে পরীক্ষা করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। এ জন্য তাকে পুনরায় তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রাকিবুল হাসানকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









