কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার এগারসিন্দুর ও চরকাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন এগারসিন্দুর গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে মো. কালাম (৪৫) এবং চরকাওনা গ্রামের দুলাল মিয়ার ছেলে শহীদ উল্লাহ (৭০)।
স্থানীয় সূত্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকালে নিজের জমিতে সার ও কীটনাশক ছিটানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কালাম। স্থানীয়রা তাঁকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, চরকাওনা গ্রামে ছাগলের জন্য গাছ থেকে পাতা সংগ্রহ করতে গিয়ে পড়ে গুরুতর আহত হন শহীদ উল্লাহ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ বলেন, হাসপাতালে আনার আগেই কালাম মারা যান। শহীদ উল্লাহকে মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকেও মৃত ঘোষণা করা হয়।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজখবর নিচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









