ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিশু মাহিদা আক্তারকে (৭) ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার তার চাচা জাহিদুল ইসলামের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আন্দিদিল গ্রামবাসীর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া আদালত ফটক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই, নিহত মাহিদার মা মনিরা আক্তার, চাচা মোঃ সজিবসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক গুরুতর অপরাধের ঘটনা ঘটছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রী ও শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মাহিদা হত্যার ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলামের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে মাহিদা হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে জেলা প্রশাসক মো. আবু সাঈদের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পানি খাওয়ানোর কথা বলে জাহিদুল শিশু মাহিদাকে একটি বসতঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বলে মামলার অভিযোগ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মাহিদাকে খুঁজে না পেয়ে তার মা, মনিরা বেগম সন্দেহবশত জাহিদুলের ঘরে গিয়ে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাহিদাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা জাহিদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয় এবং আদালতের আদেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









