বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর তার ভারতে পালানো ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় টহল ও জনবল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ সেপ্টেম্বর রাত ৮টা ৩৫ মিনিটে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক পিচ্চি রাজা কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যান। এরপর তিনি যাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যেতে না পারেন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় দিন-রাত টহল বাড়ানো, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক আসামি যাতে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে যেতে না পারেন, সে জন্য সীমান্তে ‘নিশ্ছিদ্র নিরাপত্তা’ নিশ্চিত করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









