‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনের শুরুতেই জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানসহ প্রবীণ নাগরিকবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কুষ্টিয়া শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘের সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি বলেন, ‘‘প্রবীণরা আমাদের সমাজ ও পরিবারের অভিভাবক। তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবীণদের সুস্বাস্থ্য, সম্মান ও অধিকার সুনিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায় থেকে শুরু করে সকলকে এগিয়ে আসতে হবে।’’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল লতিফ শেখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
বক্তারা প্রবীণদের চিকিৎসা সেবা, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান ব্যবস্থার আধুনিকায়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। অনুষ্ঠান শেষে প্রবীণদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









