রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি নিয়ে রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে একটি বিশেষ বিমান।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার বিকেলে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানিবাহী বিমানটি এরই মধ্যে রাশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে। পথে ভারতের একটি বিমানবন্দরে বিরতি নিয়ে এটি ঢাকায় পৌঁছাবে।
মন্ত্রী জানান, বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ইউরেনিয়ামের চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় চালানটি রূপপুরে নেওয়া হবে।
এদিকে আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট নয়টি ফ্লাইটে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য আরও ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসবে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি রয়েছে।
রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব ইউরেনিয়ামের চালান বাংলাদেশে পৌঁছাবে।
এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









