পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় শহিদুল ইসলাম স্বপন হাওলাদার (৫০) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত এবং তার ছেলে মেহেদী হাসান (২০) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় স্বপন হাওলাদারের স্ত্রীর ওপরও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছে পরিবার।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ভেচকি গ্রামের হাওলাদার বাড়িতে এই হামলা হয়।
আহত শহিদুল ইসলাম স্বপন হাওলাদার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাতের আঁধারে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল ঘরের দরজা ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে স্বপন হাওলাদারকে কুপিয়ে এবং তার স্ত্রী ও ছেলে মেহেদী হাসানকে মারধর করা হয়। একপর্যায়ে মেহেদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ মেহেদী হাসান জানান, ঘরে ঢোকার পর থেকেই হামলাকারীরা তাণ্ডব শুরু করে। হামলাকারীরা পরপর তিনটি গুলি ছোড়ে, যার মধ্যে একটি গুলি আমার হাতে বিদ্ধ হয়েছে এবং দুটি গুলির অংশবিশেষ পাওয়া গেছে।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, পুলিশ গোলাগুলির খবর পেয়েছি। তবে এটি নিছক ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরে ঘটেপছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









