দিনাজপুরের খানসামায় হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের উপজেলা শাখার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পশ্চিম ঘাটপার এলাকার জান্নাতবাগ চপাড়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
উপজেলার ১৮টি প্রতিষ্ঠানের ১০৮ জন হাফেজ তিনটি ক্যাটাগরিতে অংশ নেন। প্রতিটি ক্যাটাগরির সাতজন করে মোট ২১ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, রংপুর বিভাগ জোন-২-এর সভাপতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম। প্রধান মেহমান ছিলেন সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি খাইরুজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন হাফেজ মো. সাদেকুল ইসলাম। সঞ্চালনা করেন হাফেজ মুহাম্মদ মেহেদী হাসান।
আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা কোরআন হিফজের গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে কোরআনের শিক্ষা ও আদর্শে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আরও ভূমিকা রাখার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









