বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ, সাবেক এটিইউ)-এর ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। একই কলেজে পদায়ন করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে।
এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) বিভাগে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে। একই পদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে।
পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছে ট্যুরিস্ট পুলিশে।
পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









