চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসা গ্রামে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের একটি বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে কালো বালতি দেখতে পায়। বালতির ভেতরে ককটেল সদৃশ বস্তু দেখে ঘটনাস্থল ঘিরে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে শিবগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বালতির ভেতর থেকে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। পরে দুপুর আড়াইটার দিকে উদ্ধার করা বস্তুগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









