দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী।
রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। এছাড়া অক্টোবরের প্রথম তিন দিনে ১৭ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনে।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৩৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮১৬ জন। এছাড়া খুলনায় ৩৩০ জন, চট্টগ্রামে ৩২৪ জন, রাজশাহীতে ২২৪ জন, বরিশালে ২০৩ জন, ময়মনসিংহে ৯৯ জন এবং রংপুরে ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









