লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী। এ সময় সড়কটি চার লেনে উন্নীতকরণসহ চার দফা দাবি জানানো হয়।
রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বুড়িমারী আনন্দবাজার (ঘুন্টি) এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
আমানতুল্যা প্রধান স্কুল অ্যান্ড কলেজসহ বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
সকাল ১০টার আগেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে দুর্ঘটনাপ্রবণ ঘুন্টি বাজার এলাকায় জড়ো হন। পরে ঘুন্টি এলাকা থেকে খারিজা স্কুল পর্যন্ত সড়কের দুই পাশে শিক্ষার্থীরা অবস্থান নেন। একপর্যায়ে ঘুন্টি বাজার থেকে বেলতলী বাজার পর্যন্ত প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা, বেপরোয়া ও অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধ করা, প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন করা।
মানববন্ধনে বক্তব্য দেন আমানতুল্যা প্রধান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু কাওসার আলম, সহকারী শিক্ষক সুদর্শন রায়, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং পাটগ্রাম বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিশ্রুতি নয়, এখন প্রয়োজন দাবিগুলোর বাস্তবায়ন। সড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমনিরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বরাবর চার দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
পরে পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট পুলিশও বোঝে। সংশ্লিষ্ট মামলাগুলোর সুষ্ঠু তদন্ত চলছে। ভুক্তভোগীরা যাতে ক্ষতিপূরণ ও ন্যায়বিচার পান, সে বিষয়ে পুলিশ প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে।’’
স্থানীয়দের দাবি, প্রাণহানি কমাতে শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নিলে হবে না, বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট পর্যন্ত মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়ে দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ নিতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









