সিলেট বিভাগে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে। সেপ্টেম্বরে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। আগস্টে ৩৫টি দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ৪৭ জন।
রবিবার (৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মৌলভীবাজারে। সেখানে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৮ জন আহত হন। সিলেটে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১০ জন আহত, হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১০ জন আহত এবং সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী এবং ১১ জন সিএনজি অটোরিকশা ও টমটমের চালক ও আরোহী। এছাড়া ১০ জন চালক ও দুজন পথচারী নিহত হয়েছেন। নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু।
নিসচার প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণগত ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।
নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদমাধ্যম, স্থানীয় সূত্র এবং নিসচার বিভাগীয় শাখাগুলোর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









