ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন এক সাংবাদিক। জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বিষয়টি রয়েছে। তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন।
তিনি বলেন, আসামিদের দেশে ফিরিয়ে আনতে যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা আরও দ্রুত সম্পন্ন করতে ভারত সরকার নজর দেবে বলে বাংলাদেশ আশা করে।
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাসহ আসামিদের ফিরিয়ে আনা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই সম্ভব। চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা যায় এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনও নাকচ করেছেন শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী স্যান ফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এফবিআইয়ের মামলা বা ভিসা জটিলতার কারণে যেতে পারেননি—এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, গুঞ্জনে কান দেওয়া ঠিক নয়। গণমাধ্যমকর্মীরা সত্যতা যাচাই করে খবর প্রকাশ করবেন—এটাই সরকারের প্রত্যাশা।
শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। এ সময়ে চীন ও মালয়েশিয়া সফরের পাশাপাশি জাতিসংঘ সফরও তিনি সংক্ষিপ্ত ও প্রয়োজনীয়ভাবে সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে তিনি দেশে ফিরেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর স্যান ফ্রান্সিসকো যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। সেখানে আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও তাকে নিয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা ছিল।
যুক্তরাষ্ট্র সফরে ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
এ ছাড়া হাই-টেক কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ বা যৌথ উদ্যোগে এলে এর সুফলও পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য তুরস্ক সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তুরস্ক সফর রয়েছে। তবে কখন এবং কোথায় এ সফর হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









