দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে খনিতে কর্মরত অভিজ্ঞ ৮৭ জন আউটসোর্সিং কর্মচারীকে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
রবিবার(৪ অক্টোবর) বেলা ১১টায় খনির প্রধান ফটকে কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন ও সমাবেশে কর্মচারী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে খনিতে কাজ করা দক্ষ কর্মীদের স্থায়ী নিয়োগের সুযোগ না দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। তারা ৮৭ কর্মচারীকে নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
খনি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আদালতের নির্দেশনার পর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলে সারা দেশ থেকে ৬০৯ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় ৫৩ জন উত্তীর্ণ হন। এর মধ্যে খনিতে কর্মরত ৮৭ জন আউটসোর্সিং কর্মচারীর মাত্র আটজন রয়েছেন। এতে কর্মরতদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সমাবেশে উপজেলা বিএনপির নেতারাও কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানান। তবে বক্তব্যে একজন বিএনপি নেতা আন্দোলন তীব্র করার হুমকি দেন।
বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ছানা উল্লাহ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে। অভিজ্ঞ আউটসোর্সিং কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিথিলতা দিয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা নিয়ম অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
তিনি আরও জানান, আদালত ৮৭ জনের কথা বললেও বর্তমানে খনিতে শূন্য পদ রয়েছে মাত্র ২২টি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









