কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক জামিল আহমদ চৌধুরী। ২১ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
রবিবার (৪ আক্টোবর) সকালে তার সভাপতিত্বে কলেজে গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শিক্ষক-কর্মচারীরা ফুল দিয়ে নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানান।
সভায় কলেজের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এতে কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, শিক্ষানুরাগী ও হিতৈষী সদস্যসহ গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
জামিল আহমদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি এবং পেশাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৩ বছর রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে প্রায় ১৯ বছর কর্মরত ছিলেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আতাউর রহমান, শিক্ষক প্রতিনিধি নাজমা বানু, মো. আব্দুল মালিক, সুরজিত কুমার দেব, অভিভাবক প্রতিনিধি সৈয়দ মকদ্দছ আলী, মো. মাহমুদ বখত চৌধুরী, মো. আব্দুল মুনতাকিম চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য মো. হানিফ, হিতৈষী সদস্য মো. উস্তার মিয়া ও চিকিৎসক প্রতিনিধি তোফাজ্জেল হোসেন মানিক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









