পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার তরুণকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিন তরুণ পালিয়ে যান
আটক চারজনকে পরে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন—সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপির একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাত তরুণ ভারতে প্রবেশের চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে শারিয়ালজোত বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে চারজনকে আটক করতে সক্ষম হলেও অন্য তিনজন পালিয়ে যান।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, বিজিবি চার তরুণকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা হয়। অন্য তিনজন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তায় বিজিবির টহল দল ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









