পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক হোটেল ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের বাড়ির পেছনে হলুদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়
নিহত সুপ্রভাত মদক ওই গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসা করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সুপ্রভাত মদক তার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক দেখানো শেষে স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি পরে বাড়ি ফিরবেন বলে জানান। কিন্তু এরপর থেকে তিনি আর ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বাড়িতে ফেরেননি।
পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রাতে বিষয়টি আমিনপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশও তার সন্ধানে তৎপর হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে মোবাইল ফোনটি চালু পাওয়া গেলেও একাধিকবার কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তার নম্বর থেকে আবার ফোন আসলেও অবস্থান নিশ্চিত করা যায়নি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পেছনের হলুদের ক্ষেতে আগুনে ঝলসানো অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি ফজলে এলাহী বলেন, সুপ্রভাত মদককে হত্যা করা হয়েছে—এটি নিশ্চিত। তবে হত্যার আগে তাকে আগুনে ঝলসানো হয়েছিল, নাকি হত্যার পর তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









