পিরোজপুরের নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর করফা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল করিম উপজেলার উত্তর করফা গ্রামের মৃত আব্দুল খালেক ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল উত্তর করফা এলাকায় অভিযান চালায়। এ সময় রেজাউল করিমের বসতঘরের সামনে ফাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেছারাবাদ থানায় মামলা করা হয়েছে।
স্থানীয়রা জানান, রেজাউল করিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। বিভিন্ন এলাকা থেকে মাদক এনে তিনি স্থানীয়ভাবে খুচরা বিক্রি করতেন বলেও অভিযোগ করেন তারা।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন আল মাহাবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল করফা এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









