জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কেশবপুর গ্রামের মো. খলিল মন্ডলের ছেলে মো. আব্দুর রশিদ (৪৫) এবং ছিট মানিক গ্রামের মো. তোফাজ্জলের ছেলে মো. গোলাম কিবরিয়া (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে কেশবপুর গ্রামের মো. খলিল মন্ডলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রশিদ ও গোলাম কিবরিয়াকে আটক করে পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাবিরুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









