নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের পাঁচ দিন পর শফিকুল ইসলাম (৪৫) নামে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর গ্রামে একটি নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম বনপাড়া পৌরসভার কালিকাপুর গ্রামে বসবাস করতেন। তিনি পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে শফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শফিকুলের পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহটি নির্মাণাধীন বাড়ির ভেতরে ফেলে রাখা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









