কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে নতুন করে মোট ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু আতঙ্ক বাড়লেও, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, বর্তমান ডেঙ্গুর সংক্রমণ ও রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । গত এক সপ্তাহে জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের রক্তের নমুনা পরীক্ষার মাধ্যমে ১৬ জনের দেহে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে ১জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের কিট ও এনএস-১ (NS1) পরীক্ষাসহ প্রাথমিক চিকিসার সকল সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ভর্তি থাকা ডেঙ্গু রোগীদের মশারির ভেতরে রেখে স্বতন্ত্রভাবে নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে নার্স ও চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার অনিক জানান, "আবহাওয়া পরিবর্তন ও থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার বংশবিস্তার বৃদ্ধি পাচ্ছে। এতে ডেঙ্গুর ঝুঁকি তৈরি হচ্ছে। আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তবে এ পরিস্থিতি মোকাবেলায় সামাজিক সচেতনতা বাড়ানো সবচেয়ে বেশি জরুরি।"
তিনি আরও বলেন, "বাড়ির আশপাশে, ফুলের টব বা যেকোনো পাত্রে ডাবের খোসা ও জমানো পানি তিন দিনের বেশি রাখতে দেওয়া যাবে না। কারো তীব্র জ্বর, শরীর ব্যথা বা বমি ভাব দেখা দিলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে এসে দ্রুত রক্তের পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









