সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে তরুণীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের ২০ বছর বয়সী ওই তরুণীকে বাপন নিয়ে গেছেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তরুণী সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষক পরিবারের সন্তান।
অভিযোগের বিষয়ে বাপনের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না বলেন, বাপনের চলাফেরা নিয়ে সংগঠনের পক্ষ থেকে এক বছর আগেই তাকে দূরে থাকতে বলা হয়েছিল। অভিযোগের বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, বাপন সক্রিয় না থাকায় তাকে আগেই মৌখিকভাবে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শাল্লা থানার ওসি মো. সোহেল জানান, শনিবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। রোববার তরুণীর বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। তরুণীকে উদ্ধার ও অভিযুক্ত বাপনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









